নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাঁদেরকে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, বিজয়র্যালীতে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ দু’জন এজাহারভুক্ত আসামী।
রাতে নগরীর মিশনপাড়াস্থ বাসা থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও একই সময় সিদ্ধিরগঞ্জের বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে গ্রেফতার করা হয়।
এর আগে ১৬ ডিসেম্বর সকালে শহরে বিজয় র্যালিতে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়ায় বাধা দেয়ায় পুলিশের উপর চড়াও বিএনপির নেতাকর্মীরা। এ সময় লাঞ্ছিত হন সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনসহ পুলিশের আরেক এসআই। এ সময় মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নূরে এলাহি সোহাগসহ চার নেতাকর্মীকে আটক করা হয়। এই ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করে নাশকতা, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল মামলা হয়েছে। পুলিশ জানায়, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খোরশেদসহ ১৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরাে ৩০০জনকে আাসমী করে সদর থানায় মামলা করেন উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নাশকতা ও সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ওই মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।